Facebook Post



Facebook Post



Facebook Post


বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫

মেসির সঙ্গে ‘ঝামেলা হয়নি’ এনরিকের

কদিন ধরেই জোর গুঞ্জন, কোচ লুইস এনরিকের সঙ্গে নাকি লিওনেল মেসির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। নতুন বছরের শুরুতেই লিগে রিয়াল সোসিয়েদাদ ম্যাচে মেসিকে বেঞ্চে বসিয়ে রাখার পর এনরিকে-মেসির সম্পর্ক নিয়ে নানা কথা বাতাসে। বার্সা কোচ অবশ্য বলছেন, তাঁদের সম্পর্কের কোনো অবনতি হয়নি।
কোপা ডেলরেতে এলচের বিপক্ষে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বার্সা কোচ বললেন, ‘খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক আগে যেমন ছিল, এখনো তেমনই রয়েছে। এর ব্যতিক্রম কিছু হয়নি। বরং আমরা একে অপরকে খুবই ভালো জানি।’ সংবাদ সম্মেলনে এনরিকের দিকে বারবার এ বিষয়ে নানা প্রশ্ন ধেয়ে যাচ্ছিল। বার্সা কোচ একপর্যায়ে বললেন, ‘দল ও খেলোয়াড়দের মধ্যে যেকোনো ঘটনা দল ও খেলোয়াড়দের মধ্যেই থাকবে। এসব গুঞ্জন নিয়ে আলোচনা করা আমার কাজ নয়। আমি চেষ্টা করছি এসব গুঞ্জন থেকে নিজেকে দূরে রাখতে। দয়া করে বোঝার চেষ্টা করুন, সংবাদমাধ্যমের সামনে আমি এসব গুঞ্জন নিশ্চিত করতে পারি না বা উড়িয়েও দিতে পারি না। পেশাদারি বজায় রেখে সাধ্যমতো আমি আমার কাজটি করে যাব। আমি এখানে এসেছি ক্লাবের চাকরি করতে। বুঝতে পারছি, এ মুহূর্তে আমাদের সব খবর নেতিবাচক। নানা সমস্যার মধ্যেই মৌসুম যাবে। কিন্তু এর মধ্যেই আমাদের কাজ করতে হবে। কিছু বিষয় আছে, যা দলের মধ্যেই রেখে দেওয়া ভালো।’
শোনা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে সমস্যার গোড়াপত্তন হয়েছে মূলত মেসি, নেইমার, দানি আলভেজের ছুটি কেন্দ্র করে। এই তিন তারকা নাকি বার্সার অন্য খেলোয়াড়ের তুলনায় দুদিন অতিরিক্ত শীতের ছুটি পেয়েছিলেন। তিনজন স্পেনে এসেছেন সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে। এ ম্যাচে তিনজনকেই বেঞ্চে বসিয়ে রাখেন এনরিকে। বিষয়টি ভালোভাবে নিতে পারেননি মেসি। পরশু স্প্যানিশ দৈনিক এল মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, কোচ লুইস এনরিকের সঙ্গে নাকি মেসির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বছরের প্রথম অনুশীলনেই দুজনের মধ্যে লেগে গিয়েছিল, হয়েছে কথা-কাটাকাটি। বিষয়টির মীমাংসা করতে আজ বুধবার জাভিসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড় নাকি এ নিয়ে কথা বলেছেন মেসির সঙ্গে। এর আগে মেসিকে বেঞ্চে বসিয়ে রাখায় বেশ বিপাকেই পড়েছিলেন বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা। তথ্যসূত্র: গোলডটকম, এএফপি, রয়টার্স।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন